দায়িত্ব ছাড়লেন নেদারল্যান্ডস কোচ কোমান

বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন রোনাল্ড কোমান। মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়ার একদিনের মধ্যেই তিনি এই সিদ্ধান্ত জানান।
ব্যর্থতার দায় নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক কারণেও দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ৬৩ বছর বয়সী এই ডাচ কোচ।
বুধবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় পদত্যাগের ঘোষণা দেন কোমান। পরে বিষয়টি নিশ্চিত করে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)।
কোমান বলেন, ‘এই সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। বিশ্বকাপে আমরা যে ইতিহাস গড়তে চেয়েছিলাম, তা পারিনি। এর পুরো দায়ভার আমি নিচ্ছি।’
তিনি জানান, অসুস্থ স্ত্রীর পাশে আরও বেশি সময় কাটাতে চান। তাই পারিবারিক বিষয়ও তার এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কোমানের ভাষায়, ‘ফুটবল আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে পরিবার ও স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়।’
বিদায়বার্তায় তিনি ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে আরও ভালো লাগত। তবে দীর্ঘ ফুটবল ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত এবং সবার প্রতি কৃতজ্ঞ।’
এদিকে নেদারল্যান্ডস দলের কারিগরি পরিচালক নাইজেল ডি ইয়ং এবারের বিশ্বকাপ অভিযানকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দলের লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনালে ওঠা এবং শিরোপার লড়াইয়ে থাকা। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি।
ভিওডি বাংলা/আ








মন্তব্য