সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ

দীর্ঘ প্রশাসনিক অনিশ্চয়তার পর অবশেষে সিলেট জেলা প্রশাসকের পদে স্থায়ী নিয়োগ কার্যকর হলো। নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সোমবার (১৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।
তিনি জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন আব্দুল্লাহ আল মামুন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। সেই নিয়োগের ধারাবাহিকতায় সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
এর আগে গত ২১ জুন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হলে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। তবে সিলেটে আসার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। পরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ আগস্ট সাদাপাথর লুটপাটের ঘটনায় আলোচনার সময় সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সারওয়ার আলম। গত ২১ জুন তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর থেকে নতুন জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য