• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একই দিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, যা বললেন বিশেষজ্ঞরা

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ জুন ২০২৬, ০১:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের তিনটি দেশে একই দিনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জাপান, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সংঘটিত ভূমিকম্পগুলোর মধ্যে সরাসরি কোনো যোগসূত্র নেই।

জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পাশাপাশি ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। একই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় কৌতূহল তৈরি হলেও বিশেষজ্ঞরা এটিকে স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্সের বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, এসব ভূমিকম্প পৃথক ফল্ট ব্যবস্থা ও টেকটোনিক প্লেট সীমানায় সংঘটিত হয়েছে। ফলে একটি ভূমিকম্পের কারণে অন্যটি ঘটেছে—এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

লুসি জোন্সের মতে, হাজার হাজার মাইল দূরে সংঘটিত বড় ভূমিকম্প সাধারণত বিশ্বের অন্য কোনো অঞ্চলে আরেকটি বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়ায় না। ঘটনাগুলোর সময় কাছাকাছি হলেও তাদের অবস্থান ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন।

তিনি আরও বলেন, প্রতিটি ভূমিকম্পই সক্রিয় প্লেট সীমানা বরাবর সংঘটিত হয়েছে, যেখানে দীর্ঘ সময় ধরে ভূতাত্ত্বিক চাপ সঞ্চিত হচ্ছিল। এসব অঞ্চলে বড় ভূমিকম্প হওয়া প্রাকৃতিক চক্রেরই অংশ। তবে ঠিক কখন এমন ভূমিকম্প ঘটবে, তা এখনো নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৪ মিনিটে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়।

সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, এসব ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৭.৫ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ
ছবি: সংগৃহীত
সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব