ডেঙ্গু ও মাদক প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে রাজনৈতিক নেতা, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু ও মাদকের মতো দুটি বড় সংকট মোকাবিলা করা সম্ভব নয়।
শনিবার (১১ জুলাই) খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান খেলার মাঠে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করেছেন। নির্বাচনের আগে তিনি এলাকার সন্তান হিসেবে মানুষের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তাঁর দায়িত্ব সেই বিশ্বাসের মর্যাদা রাখা এবং মানুষের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করা।
তিনি বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক বিভিন্ন খাতে কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব নাগরিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনার কাজ করছে সরকার। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সমাজকর্মীরা একসঙ্গে এগিয়ে এলে ঢাকা-৯ আসনকে আরও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। তিনি সমন্বিত সচেতন সমাজের কার্যক্রমের প্রশংসা করে বলেন, ভালো কাজের সঙ্গে থাকতে হবে এবং সামাজিক সব ধরনের খারাপ কাজ সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।
মাদকের প্রসঙ্গ তুলে হাবিবুর রশিদ বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিয়েছে। এটি প্রতিরোধ করা না গেলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে।
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, মাদকমুক্ত ঢাকা-৯ গড়ে তুলতে তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে জনগণকে প্রশাসনের বিরুদ্ধেও রাজপথে নামতে হতে পারে।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কেউ যদি চাঁদাবাজি বা মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকেন, তাহলে তাঁদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। অন্যথায় তাঁরা রাজনৈতিকভাবে বঞ্চিত হবেন এবং আইনের মুখোমুখি হবেন। তখন তাঁদের রক্ষার কোনো সুযোগ থাকবে না।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের মালিকানা সবাই অনুভব করবে এবং প্রত্যেক নাগরিক সমান মর্যাদা পাবে। শুধু নির্বাচন করতে চাইলেই হবে না, মানুষের পাশে থাকতে হবে এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।
ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, পরিচ্ছন্নতা ও সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আগামী ৩০ দিন পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত সচেতন সমাজের উদ্যোগে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে উঠবে।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দকেও পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের একজন ভাই, প্রতিবেশী ও সেবক হিসেবে জবাবদিহির মধ্য দিয়ে তিনি ঢাকা-৯ আসনকে এগিয়ে নিতে চান। ওয়ার্ডগুলোর সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ঢাকা-৯ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ভিওডি বাংলা/সবুজ/আ








মন্তব্য