মেসির বউকে উপহার পাঠিয়ে আলোচনায় রোনালদোর বান্ধবী

ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। তবে মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতার বাইরে দুই তারকার পরিবারের সদস্যদের আন্তরিক সম্পর্ক আবারও আলোচনায় এসেছে জর্জিনা রদ্রিগেজ ও আন্তোনেলা রোকুজ্জোর সৌজন্যমূলক আচরণে।
সম্প্রতি নিজের নতুন পোশাকের ব্র্যান্ড মিমোয়া চালু করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। নতুন এই উদ্যোগ উপলক্ষে তিনি ব্র্যান্ডটির কিছু উপহারসামগ্রী পাঠান লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর কাছে।
উপহার হাতে পাওয়ার পর আন্তোনেলা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেসব সামগ্রীর ছবি প্রকাশ করেন। একই সঙ্গে জর্জিনাকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “অনেক ধন্যবাদ, জর্জিনা। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার নতুন এই পথচলার জন্য অনেক শুভকামনা।”
মেসি ও রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক না কেন, তাঁদের পরিবারের সদস্যদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, দুই কিংবদন্তির প্রতিযোগিতা কেবল ফুটবল মাঠেই সীমাবদ্ধ, ব্যক্তিগত সম্পর্কে তার কোনো প্রভাব নেই।
উল্লেখযোগ্য বিষয় হলো, আন্তোনেলা ও জর্জিনার এই উপহার বিনিময়ের ঘটনা সামনে এলো এমন সময়ে, যখন ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ ঘিরে ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ও পর্তুগাল।
কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা শেষ ষোলোতে মুখোমুখি হবে মিশরের। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ শক্তিশালী স্পেন।
ভিওডি বাংলা/এমএস/বিন্দু








মন্তব্য