• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্পেন-পর্তুগাল ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ০৭:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে সোমবার রাতে ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছে ইউরোপিয়ান পরাশক্তি পর্তুগাল ও স্পেনের মুখোমুখি লড়াইয়ের দিকে। পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ম্যাচের আগে কিছুটা এগিয়ে রাখা হচ্ছে স্পেনকে। অপটা সুপার কম্পিউটারের ২৫ হাজার সিমুলেশনে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৮.৬ শতাংশ। পর্তুগালের সম্ভাবনা ২৫.৬ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৫.৮ শতাংশ।  

শেষ ষোলোতে ওঠার পথে দুই দলের গল্প ছিল একেবারেই ভিন্ন। রবার্তো মার্টিনেজের পর্তুগাল ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর নাটকীয়ভাবে জয় নিশ্চিত করে। অতিরিক্ত সময়ে গঞ্জালো রামোসের গোল, ভিএআর বিতর্ক এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর নকআউটে প্রথম গোল মিলিয়ে ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা। সেই জয়েই টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন জিইয়ে রেখেছে পর্তুগিজরা।

অন্যদিকে স্পেন এসেছে দাপুটে ফর্ম নিয়ে। লুইস দে লা ফুয়েন্তের দল এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কোনো গোল হজম করেনি। শেষ ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে তারা শেষ ষোলো নিশ্চিত করে, যেখানে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল এবং একটি গোল আসে পেদ্রো পোরোর পা থেকে।

রক্ষণে এই অটলতা স্পেনকে পৌঁছে দিয়েছে এক ঐতিহাসিক সম্ভাবনার সামনে। ২০২২ বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে গোলশূন্য ড্রসহ হিসাব করলে, পর্তুগালের বিপক্ষেও যদি তারা ক্লিন শিট ধরে রাখতে পারে, তবে বিশ্বকাপ ইতিহাসে টানা ছয় ম্যাচে কোনো গোল না খাওয়ার অনন্য রেকর্ড গড়বে তারা।

শুধু রক্ষণেই নয়, ধারাবাহিকতায়ও দুর্দান্ত স্পেন। বর্তমানে টানা ৩৪ ম্যাচ অপরাজিত লা রোজা। আজ হার এড়াতে পারলে ২০০৭–২০০৯ সালের নিজেদের ৩৫ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডের সমতায় পৌঁছাবে তারা। ইউরোপের ইতিহাসে ইতালি ছাড়া খুব কম দলই এমন দীর্ঘ অপরাজিত ধারার নজির গড়েছে।

কোচ লুইস দে লা ফুয়েন্তের জন্যও এই ম্যাচ হতে পারে আরেকটি মাইলফলক। তার অধীনে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে স্পেন এখন পর্যন্ত প্রথম ১১ ম্যাচে অপরাজিত। পর্তুগালের বিপক্ষে হার এড়াতে পারলে তিনি যোগ দেবেন সেই অভিজাত তালিকায়, যেখানে আছেন মাত্র দুই কোচ—আইমে জাকে ও লুই ভ্যান গাল—যারা বড় টুর্নামেন্টে প্রথম ১২ ম্যাচ অপরাজিত ছিলেন।

পর্তুগালের ভরসা নিঃসন্দেহে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে চার গোল করা এই ফরোয়ার্ড এই প্রতিপক্ষের বিরুদ্ধে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। ২০১৮ বিশ্বকাপে তার হ্যাটট্রিক এখনো ফুটবল ইতিহাসে অন্যতম স্মরণীয় পারফরম্যান্স। অন্যদিকে স্পেনের আক্রমণের নেতৃত্বে থাকা মিকেল ওইয়ারসাবাল এবারের বিশ্বকাপে চার গোল করে নিজের ফর্ম প্রমাণ করেছেন।

তবে সামগ্রিক প্রতিযোগিতামূলক পরিসংখ্যানে এগিয়ে স্পেন। শেষ ১২ ম্যাচে পর্তুগাল জিতেছে মাত্র একবার, সেটি ২০০৪ ইউরোতে। যদিও সর্বশেষ ২০২৫ নেশনস লিগ ফাইনালে টাইব্রেকারে জয় পেয়েছিল পর্তুগাল, যা এই ম্যাচে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

পরিসংখ্যান স্পেনের পক্ষে থাকলেও নকআউট ফুটবলে এক মুহূর্তই বদলে দিতে পারে পুরো গল্প। তাই ডালাসের এই আইবেরিয়ান ডার্বিতে শেষ হাসি কার হবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রুদ্ধশ্বাস প্রথমার্ধ, ২–১ গোলে এগিয়ে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
বেলিংহামের জোড়া গোলে এগিয়ে গেল ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
ব্রাজিলের জার্সিকে বিদায় বললেন নেইমার