{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ভিওডি বাংলা ডেস্ক    ২০ জুলাই ২০২৬, ০৮:৩৮ পি.এম.
ছবি: পিএমও
ছবি: পিএমও

প্রান্তিক মানুষের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকদের রোগীদের প্রতি আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে স্বাস্থ্য খাতে কী কী অগ্রগতি হয়েছে, সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে তারা স্বাস্থ্য খাতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং জানান, দীর্ঘদিনের নানা সংকট কাটিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে।

বৈঠকে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগের বিষয়ও উঠে আসে। বিশেষ করে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও রোগীদের কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করতে হবে। সরকারি হাসপাতালে যেন রোগীরা কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পান, তা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালকে সাধারণ মানুষের আস্থার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে বর্তমানে ১০ শয্যার যেসব ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। এ জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং লজিস্টিক সহায়তা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার চলমান উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা অবকাঠামো উন্নয়নের নকশা ও বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ‘২১ জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির শ্রদ্ধাঞ্জলি ও স্মরণে বক্তব্যে দেন জোবায়দা রহমান। ছবি: ভিওডি বাংলা
দুর্যোগে মানবতার হাতই হোক সবচেয়ে শক্তিশালী: ডা. জুবাইদা রহমান
সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, যা বললেন তথ্য উপদেষ্টা
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত
২০২৭ হজ প্যাকেজ ঘোষণা, কমছে বিমানভাড়া