• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুই-একদিনের মধ্যে মাদক আইনের সংশোধনী উপস্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০৩:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী দুই-একদিনের মধ্যেই মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘অবৈধ মাদক পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আদালতের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী মাদক-সংক্রান্ত মামলার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। তিনি বলেন, শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতাও বাড়াতে হবে। তবেই মাদকের বিরুদ্ধে লড়াই আরও কার্যকর হবে।

তিনি জানান, দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। মাদকের কারণে অপরাধপ্রবণতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ পর্যন্ত নয়টি অর্থপাচারের মামলা করেছে।

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল পুলিশ ই-মেইলে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানিয়েছে। তাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছিল। বাংলাদেশ তিন দিনের মধ্যেই সেই নথি প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠিয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে কোনো নতুন বার্তা পাওয়া যায়নি। তবে দ্রুত অগ্রগতি হবে বলে আশা করছে সরকার।

শহীদ ওসমান হাদি হত্যা মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলার তিন আসামিকে ভারতীয় কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে। তাদের দেশে ফিরিয়ে এনে মামলার তদন্ত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত দিয়ে কাউকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ভারতে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে দেশটি তালিকা দিলে নাগরিকত্ব যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
গুম হওয়া ঘটনাগুলোর সঙ্গে আমরা আর সম্পৃক্ত হতে চাই না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
ঢাকাকে ডেঙ্গুমুক্ত করতে কাজ করছে সরকার: মীর শাহে আলম