• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই সনদ ছাড়া বাজেটের প্রতিশ্রুতি মুখের কথা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ০৭:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক রূপান্তর এবং জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দিয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, "জুলাই সনদ বা গণভোটের সংস্কার বাস্তবায়ন ব্যতীত সরকারের বাজেটের প্রতিশ্রুতি মুখের কথাই থেকে যাবে।"

শুক্রবার রাজধানীর কাকরাইলে আইইডিবির মুক্তিযোদ্ধা হলে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "জুলাইয়ের আন্দোলন মূলত কর্মসংস্থানের দাবি থেকেই শুরু হয়েছিল। প্রতি বছর লাখ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করছে, কিন্তু তাদের জন্য কর্মসংস্থান নেই।"

তিনি বলেন, "গত ১৬ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্প শোনা গেলেও সেই প্রবৃদ্ধির সুবিধা সমাজের বিস্তৃত জনগোষ্ঠী পায়নি। সম্পদ গুটিকয়েক পরিবার ও গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়েছে রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে।"

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আমাদের দাবি ছিল রাষ্ট্রকাঠামোর রাজনৈতিক, অর্থনৈতিক, পররাষ্ট্রনীতি ও সাংস্কৃতিক সংস্কার। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকার গণঅভ্যুত্থানের রায় বাস্তবায়ন করেনি। জুলাই সনদ এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।"

বাজেটের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, "সরকার এসএমই, অর্থনীতির গণতন্ত্র ও কর্মসংস্থানের পক্ষে কথা বলেছে। ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যও নিয়েছে। কিন্তু চার মাসেও এর কোনো অগ্রগতির তথ্য নেই।"

তিনি অভিযোগ করেন, "সরকার উদ্যোক্তা তৈরির পরিবর্তে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি করছে। মধ্যবিত্তের কাছ থেকে কর নিয়ে ভাতা দেওয়া কর্মসংস্থান সৃষ্টি করবে না; বরং আমদানিনির্ভর অর্থনীতিকে আরও উৎসাহিত করবে।"

ঋণখেলাপিদের বিষয়ে তিনি বলেন, "যারা দেশের ব্যাংকিং খাতকে সংকটে ফেলেছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা বা ব্যাংক স্থিতিশীল করার কোনো রূপরেখা নেই। বরং ঋণখেলাপিদেরই পুরস্কৃত করা হচ্ছে। উদ্যোক্তাদের প্রয়োজনীয় সুবিধা না দিলে অর্থনীতিতে কোনো পরিবর্তন আসবে না।"

এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, "এসএমই অ্যাসোসিয়েশনকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কাজ করতে হবে। তাদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে।"

তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করে, কিন্তু একটি প্রতিষ্ঠান বা কারখানা পরিচালনার দক্ষতা শেখায় না। উদ্যোক্তা তৈরির জন্য ব্যবস্থাপনা ও ব্যবসায়িক দক্ষতার প্রশিক্ষণ জরুরি।"

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণ টেনে নাহিদ ইসলাম বলেন, "জিয়াউর রহমান পোশাক শিল্পের উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। সবাই সফল না হলেও একটি বড় অংশ সফল হওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে বড় পরিবর্তন এসেছে।"

তিনি বলেন, "সরকার যদি বড় ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের হাতে অর্থ পৌঁছে দিত, প্রশিক্ষণ দিত এবং কার্যকর ব্যবস্থা তৈরি করত, তাহলে দেশ ও সরকার উভয়ই বেশি উপকৃত হতো। এখনো সেই সুযোগ রয়েছে।"

সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, "সরকার যদি নীতিগত পরিবর্তন না আনে, টেকসই রোডম্যাপ না দেয় এবং এসএমই খাতকে গুরুত্ব না দেয়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় আরও ভয়াবহ হবে।"

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "বাংলাদেশে রায় হয়ে গেছে। সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। এটি দেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে।"

তিনি আরও বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষ রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।"

ভিওডি বাংলা/এম আই/আর   


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর
হাঁটুপানিতে নেমে বন্যার্তদের খোঁজ নিলেন জামায়াত আমির
বন্যার্তদের খোঁজ নিতে হাঁটুপানিতে জামায়াত আমির
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন
মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে: এমপি মিলন