ভারতের সিকিম রাজ্যের নামচি জেলায় তিস্তা-৬ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এখনও অন্তত তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বিরামহীন অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, গত ২০ জুলাই এনএইচপিসির (ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন) তিস্তা-৬ প্রকল্পের হেডরেস টানেলে আকস্মিকভাবে সন্দেহজনক মিথেন গ্যাসের বিস্ফোরণ ও গ্যাস নির্গমনের ঘটনা ঘটে। এতে সুড়ঙ্গের ভেতরে কর্মরত শ্রমিকরা আটকা পড়েন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নামচি জেলার জেলা ম্যাজিস্ট্রেট অনুপা তামলিং জানান, এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলের ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের জীবিত বা মৃত অবস্থায় উদ্ধারে বিশেষজ্ঞ দলগুলো দিন-রাত কাজ করছে।
কর্তৃপক্ষ জানায়, বুধবার গভীর রাত পর্যন্ত টানা অনুসন্ধান চালানো হয়। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর অভিজ্ঞ একটি বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযানে যোগ দিয়েছে। খনি ও ভূগর্ভস্থ দুর্ঘটনায় কাজের অভিজ্ঞতার কারণে এই দলকে উদ্ধারকাজে যুক্ত করা হয়েছে।
দুর্ঘটনার পর এনএইচপিসি নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারের জন্য ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। পাশাপাশি সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
ভিওডি বাংলা/জা









মন্তব্য