• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্ল্যাকআউটের পর স্বাভাবিক হচ্ছে কিউবা

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৮:২০ পি.এম.
ব্ল্যাকআউটের পর স্বাভাবিক হচ্ছে কিউবা
ছবি: সংগৃহীত

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাটের পর শনিবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে কিউবা। তবে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে জ্বালানি সংকট দেখা দেওয়ায় মেরামতকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ক্যারিবীয় দ্বীপদেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় দশকের কমিউনিস্ট শাসনের অবসান ঘটাতে চাপ সৃষ্টির অংশ হিসেবে জ্বালানির ওপর অবরোধ আরোপ করার পর সেই সংকট আরও তীব্র হয়েছে।

হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউএনই জানায়, শনিবার দুপুর পর্যন্ত ১৭ লাখ জনসংখ্যার রাজধানী হাভানার প্রায় সাত শতাংশ পরিবারের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, ‘পরিস্থিতি অনুকূলে থাকায় ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ এগিয়ে চলছে।’

গত ছয় মাসেরও কম সময়ে এটি দেশটির চতুর্থ জাতীয় বিদ্যুৎ বিপর্যয়। আর ২০২৪ সালের শেষ দিক থেকে এ পর্যন্ত নবমবারের মতো দেশজুড়ে এমন ব্ল্যাকআউটের ঘটনা ঘটল।

কিউবার জনসংখ্যা ৯৬ লাখ।

শুক্রবার বিকেলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এর মাত্র দুই দিন আগে, সোমবারের দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাটের পর কর্তৃপক্ষ বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় চালু করেছিল।

প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওয়াশিংটন মাত্র একটি রুশ ট্যাংকারকে কিউবায় প্রবেশের অনুমতি দিয়েছে। মার্চে আসা ওই ট্যাংকারে ১ লাখ টন অপরিশোধিত তেল ছিল। সেই মজুতও ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

পুরোনো অবকাঠামো এবং জ্বালানি সংকটের কারণে কিউবার বিদ্যুৎ ব্যবস্থায় প্রায়ই আংশিক বা পুরোপুরি বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, উভয়কে সংযমের আহ্বান পাকিস্তানের
ছবি: সংগৃহীত
ভারতে ফের করোনার সংক্রমণ, মৃত্যু ২
ফাইল ছবি
পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ: ইরান