• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দামেস্কে বোমা বিস্ফোরণ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৮:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি ক্যাফের ভেতরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় শহরের ব্যস্ত হেজাজ এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করে জরুরি সেবা বিভাগ।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বিস্ফোরণের পর আহত ও নিহতদের রাজধানীর আল-মুজতাহিদ হাসপাতালে নেওয়া হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে মোট ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া আরও একজন আহত ব্যক্তিকে সিরিয়ান রেড ক্রিসেন্ট পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই বিস্ফোরণের উৎস নিয়ে নানা আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করা হয়নি। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া জানিয়েছে, এটি গ্যাস বিস্ফোরণ, নাশকতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে-তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশপাশের ভবন কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই ক্যাফেটি ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত মানুষ দৌড়ে এলাকা ছাড়তে শুরু করেন। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর রাস্তাজুড়ে কাচের টুকরো ছড়িয়ে পড়ে এবং কয়েকটি দোকানের জানালাও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায়।

সাম্প্রতিক সময়ে সিরিয়ার রাজধানী দামেস্কে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত মে মাসেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি এলাকায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় একজন সেনাসদস্য নিহত হন এবং আহত হন অন্তত ২০ জন।

একই মাসে রাজধানীর আরেক এলাকায় একটি খালি বাসে বিস্ফোরণের ঘটনায় আহত হন পাঁচ বেসামরিক নাগরিক। এসব ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও বিচ্ছিন্ন সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ গৃহযুদ্ধের ক্ষত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সিরিয়া। দেশটির বিভিন্ন অঞ্চলে এখনো নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে।

দামেস্কে এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দেশটি নতুন রাজনৈতিক কাঠামোর দিকে এগোচ্ছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাশার আল-আসাদ সরকারের পতনের পর নতুন পার্লামেন্ট গঠনের প্রক্রিয়া চলছে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সম্প্রতি আরও ৭০ জন আইনপ্রণেতার নাম ঘোষণা করেছেন। এর আগে গত আট মাসে নির্বাচনের মাধ্যমে ১৪০ জন প্রতিনিধি নির্বাচিত হন। সব মিলিয়ে ২১০ সদস্যের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিরিয়ার নির্বাচন কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ জানিয়েছেন, প্রথম অধিবেশনেই নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। নতুন পার্লামেন্টকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক পুনর্গঠনের আশা দেখা দিলেও নিরাপত্তা পরিস্থিতি এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

নতুন পার্লামেন্টে নারীদের অংশগ্রহণও আগের তুলনায় বেড়েছে। প্রেসিডেন্ট আল-শারার মনোনীত ৭০ জনের মধ্যে ১৫ জন নারী রয়েছেন। ফলে নতুন আইনসভায় মোট নারী সদস্যের সংখ্যা দাঁড়াচ্ছে ২২ জনে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানামা খাল ইস্যুতে চিনের ওপর ক্ষিপ্ত ট্রাম্প
পানামা খাল ইস্যুতে চিনের ওপর ক্ষিপ্ত ট্রাম্প
ছবি: সংগৃহীত
উদ্ধার মহড়ায় সিনেমা স্টাইলে বিয়ের প্রস্তাব
ছবি: সংগৃহীত
কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৩