জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরে এবার আরেক ধাক্কা বাংলাদেশের

ওয়ানডে সিরিজ হারার হতাশা কাটিয়ে ওঠার আগেই বাংলাদেশ দলে এলো আরও একটি দুঃসংবাদ। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না পেসার মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজের পরিবর্তে শেষ ওয়ানডের দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। আর টি-টোয়েন্টি সিরিজের জন্য তার জায়গায় দলে যুক্ত হয়েছেন পেসার তাসকিন আহমেদ।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিবৃতিতে জানানো হয়, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে যোগ দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মুস্তাফিজ দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। এছাড়া টি-টোয়েন্টি দলে তার পরিবর্তে তাসকিন আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি মুস্তাফিজ। এবার পুরো সফর থেকেই ছিটকে গেলেন বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার।
মুস্তাফিজ ছিটকে যাওয়ায় ছুটি বাতিল হয়েছে তাসকিন আহমেদের। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি।
এর আগে চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান লিটন দাস। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে।
এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ হারানো বাংলাদেশ আজ শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে। হারারেতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরপর আগামী ১৫ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ জুলাই। তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে বুলাওয়েতে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য