‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মত’

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পর সামাজিকমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে চিত্রনায়ক ওমর সানি ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মজার বাকযুদ্ধ। ফুটবল উন্মাদনার মধ্যেই দুই তারকার এই খুনসুটি ভক্তদের কাছে বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করার পর ওমর সানিকে উদ্দেশ্য করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবারও একটি রসাত্মক পোস্ট দেন শাহরিয়ার নাজিম জয়।
পোস্টে তিনি লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না, একদম অরিজিনাল।’

পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অসংখ্য ব্যবহারকারী এতে প্রতিক্রিয়া জানান এবং মন্তব্যের ঘরে শুরু হয় হাস্যরসাত্মক আলোচনা।
মূলত কয়েক দিন ধরেই ওমর সানি ও শাহরিয়ার নাজিম জয়ের মধ্যে ‘চাবুক’ প্রসঙ্গ নিয়ে সামাজিকমাধ্যমে মজার বাক্যবিনিময় চলছে। এর সূচনা হয় ব্রাজিল সমর্থক ওমর সানির একটি ভিডিও বক্তব্যকে ঘিরে। লিওনেল মেসিকে নিয়ে তার মন্তব্যের পর বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছিলেন জয়।
এর জবাবে ওমর সানিও ফেসবুকে লিখেছিলেন, জয়ের জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন। সেই প্রসঙ্গ টেনেই আর্জেন্টিনার জয় উদযাপনে নতুন করে রসিকতা করেন শাহরিয়ার নাজিম জয়।
জয়ের এই পোস্টের পর নেটিজেনরাও আলোচনায় যোগ দেন। অনেকেই মন্তব্য করে দুই তারকার এই খুনসুটিকে ফুটবল বিশ্বকাপের বাড়তি বিনোদন হিসেবে দেখছেন। কেউ কেউ আবার মজা করে জানতে চান, এই পোস্টের পর ওমর সানির পক্ষ থেকে আবারও কোনো পাল্টা জবাব আসে কি না।
বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার এই বন্ধুত্বপূর্ণ বাকযুদ্ধ ভক্তদের জন্য বাড়তি বিনোদনের খোরাক হয়ে উঠেছে।
ভিওডি বাংলা/তা








মন্তব্য