একটি ব্যক্তিগত বার্তা থেকেই শুরু প্রিয়াঙ্কা নিকের প্রেম

একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত বার্তা থেকেই শুরু হয়েছিল বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের প্রেম। সেই ঘটনার প্রায় আট বছর পর নিজেদের ভালোবাসার শুরুর গল্প তুলে ধরেছেন এই তারকা দম্পতি।
জোনাস ব্রাদার্সের পডকাস্টে অতিথি হয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কের শুরু নিয়ে কথা বলেন নিক জোনাস। তিনি জানান, ২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো একটি ব্যক্তিগত বার্তাই বদলে দিয়েছিল তাদের জীবন।
নিক বলেন, তার ভাই কেভিন জোনাসের মাধ্যমেই প্রথম প্রিয়াঙ্কার সম্পর্কে জানতে পারেন। কেভিন তাকে ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকটি দেখার পরামর্শ দিয়েছিলেন। তখনই সানসেট বুলেভার্ডে প্রিয়াঙ্কার একটি বিশাল বিলবোর্ড তার চোখে পড়ে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে দেখেন প্রিয়াঙ্কা তাকে অনুসরণ করছেন। তখনই তিনি তাকে একটি ব্যক্তিগত বার্তা পাঠান।
প্রিয়াঙ্কা এ প্রসঙ্গে বলেন, ঘটনাটি বেশ মজার। কারণ, কেভিন ও তার পছন্দের অনুষ্ঠান একই হলেও নিক ও তার পছন্দের অনুষ্ঠান কখনোই এক ছিল না।
পডকাস্টে তাদের সেই কথোপকথনের একটি চিত্রও দেখানো হয়। সেখানে দেখা যায়, নিক প্রথম বার্তায় লিখেছিলেন, ‘হ্যালো। কয়েকজনের কাছ থেকে শুনেছি আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?’
জবাবে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘হ্যালো। গ্রাহাম তোমার সম্পর্কে অনেক কথা বলেছেন। চল, বার্তা আদান-প্রদান করি। এখানে আমার দলেরও প্রবেশাধিকার রয়েছে।’
পডকাস্টে নিকের ভাই জো ও কেভিন তাদের সেই বার্তাগুলো অভিনয় করে পড়ে শোনান। পুরো সময়জুড়ে হাসিতে ফেটে পড়েন প্রিয়াঙ্কা ও নিক। একপর্যায়ে দুজনকে কিছুটা লজ্জিতও দেখা যায়। হাত ধরে বসে নিজেদের পুরোনো কথোপকথন উপভোগ করেন তারা।
২০১৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম যোগাযোগের পর দীর্ঘদিন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন প্রিয়াঙ্কা ও নিক। ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ারের অস্কার-পরবর্তী আয়োজনে প্রথমবার মুখোমুখি হন তারা। একই বছর মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাঁটার পর তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এরপর ২০১৮ সালে প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন নিক জোনাস। একই বছর ভারতের উদয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। হিন্দু ও খ্রিস্টান—দুই ধর্মীয় রীতিতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই পারিবারিক মুহূর্ত ও একে অপরের প্রতি ভালোবাসার নানা ঝলক ভাগ করে নেন এই তারকা দম্পতি।
এদিকে দীর্ঘ আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার নতুন চলচ্চিত্র ‘বারাণসী’ বর্তমানে নির্মাণাধীন রয়েছে। এতে আরও অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। আগামী বছরের এপ্রিল মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
ভিওডি বাংলা/তা








মন্তব্য