সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিয়োগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। আগামী সপ্তাহে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন।

এর আগে গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
পরে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও নানা কারণে তিনি সিলেটে যোগদান করতে পারেননি। ফলে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য