• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৬:০৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে যেন আত্মঘাতী গোলের হিড়িক। রাউন্ড অব বত্রিশের শেষ ম্যাচ দিবসেও হয়েছে দুটি আত্মঘাতী গোল। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসর প্রথমে পিছিয়ে পড়ে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে। সেই গোলেই ভেঙে যায় বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ড। পরে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দেও হারে আত্মঘাতী গোলে।

এই দুটি মিলিয়ে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৪। এর আগে এক আসরে সর্বোচ্চ ১২টি আত্মঘাতী গোল হয়েছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে। এবার রাউন্ড অব বত্রিশেই সেই রেকর্ড ভেঙে গেছে। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই সংখ্যাটি আরও বাড়তে পারে।

এত আত্মঘাতী গোলের কারণ নিয়েও ফুটবলবিশ্বে চলছে আলোচনা। এর একটি বড় কারণ বিশ্বকাপের সম্প্রসারিত পরিসর। আগে ৩২ দলের বিশ্বকাপে ম্যাচ হতো ৬৪টি, এবার ৪৮ দলের বিশ্বকাপে ম্যাচ হবে ১০৪টি। এখন পর্যন্ত ৮৮টি ম্যাচে ১৪টি আত্মঘাতী গোল হয়েছে, ফলে ম্যাচসংখ্যা বাড়ার প্রভাবও স্পষ্ট।

তবে কেবল ম্যাচসংখ্যাই নয়, কারিগরি ও কৌশলগত পরিবর্তনও এর পেছনে ভূমিকা রাখছে। উন্নত টেলিভিশন সম্প্রচার, একাধিক ক্যামেরা এবং ভিএআরের কারণে এখন গোলদাতাকে নির্ধারণে বিভ্রান্তির সুযোগ নেই। ফলে ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢোকা বল আত্মঘাতী গোল হিসেবেই নথিভুক্ত হচ্ছে।

আক্রমণের ধরনেও এসেছে বড় পরিবর্তন। আগে উইং থেকে বাঁকানো ক্রস বেশি দেখা গেলেও এখন খেলোয়াড়রা বাইলাইন পর্যন্ত গিয়ে বক্সের ভেতরে তীক্ষ্ণ গতির আড়াআড়ি পাস বাড়ান। এসব বল ঠেকাতে গিয়ে ডিফেন্ডারদের নিজেদের গোলমুখে দ্রুত ছুটতে হয়। অনেক সময় বল তাদের গায়ে লেগে বা ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে যায়। বেলজিয়াম ও অস্ট্রেলিয়ার বিপক্ষে মিসরের মোহাম্মদ হানির দুটি আত্মঘাতী গোলই এমন পরিস্থিতিতে হয়েছে।

রক্ষণাত্মক কৌশলের পরিবর্তনও আত্মঘাতী গোল বাড়ার আরেকটি কারণ। বিশেষ করে ‘লো ব্লক’ কৌশলে অধিকাংশ খেলোয়াড় নিজেদের বক্সের কাছাকাছি অবস্থান করায় চাপের মধ্যে ভুলের ঝুঁকিও বাড়ে। গ্রুপ পর্বে নরওয়ের বিপক্ষে ম্যাচে রক্ষণে সাহায্য করতে নেমে ইরাকের ফরোয়ার্ড আয়মান হুসেইন আত্মঘাতী গোল করে বসেন, যা এই প্রবণতারই একটি উদাহরণ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে কোয়ার্টারের লড়াইয়ে ফ্রান্স-প্যারাগুয়ে
ছবি: সংগৃহীত
স্বাগতিক কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
মুশফিকুর রহিম
রিয়াদের পর মুশফিককেও কোচিংয়ে দেখতে চায় বিসিবি