অসুস্থ মা’কে দেখতে হাসপাতালে যান ডা. জুবাইদা

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ ‘মা’ সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবা ৬ মে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি হাসপাতালে পৌছান।
সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। গত কয়েকদিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। এজন্য তিনি স্বাধীনতা পদক পান। তার স্বামী নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খান।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন ডা. জুবাইদা রহমান। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনে বদলে গেছে অনেক কিছু। সেই পরিবর্তনের ফলশ্রুতিতে দেশে ফেরার পথ সুগম হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের। অবশেষে চিকিৎসার জন্য চার মাস আগে লন্ডন যাওয়া শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার (০৬ মে) সকাল দশটা ৪২ মিনিটে দেশে ফিরলেন জুবাইদা রহমান। তবে লন্ডনে রেখে এসেছেন স্বামী তারেক রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানকে।
ভিওডি বাংলা/ এমএইচ






