• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাজিল-নরওয়ে মহারণে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে যে ৫ বিষয়

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৭:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হলান্ড কিংবা আন্তোনিও নুসা। তারকায় ঠাসা ব্রাজিল-নরওয়ে লড়াইয়ের আগে ফুটবলপ্রেমীদের চোখ এখন শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে। তবে ম্যাচের ফল নির্ধারণে শুধু তারকারাই নন, বড় ভূমিকা রাখতে পারে কৌশল, মানসিক চাপ এবং শেষ মুহূর্তের সিদ্ধান্তও।

চলুন দেখে নেওয়া যাক, কোন পাঁচটি বিষয় নির্ধারণ করতে পারে ব্রাজিল-নরওয়ে ম্যাচের ভাগ্য।

ব্রাজিলের ওপর ‘নরওয়েজিয়ান জুজু’র চাপ

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৮৮টি দেশের বিপক্ষে খেলেছে ব্রাজিল। কিন্তু একটি দলের বিপক্ষেও জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, আর সেটি হলো নরওয়ে।

দুই দলের চার দেখায় দুটিতে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপেও ব্রাজিলকে হারিয়েছিল নরওয়েজিয়ানরা। এমন পরিসংখ্যান ম্যাচের আগে মানসিকভাবে কিছুটা হলেও চাপে রাখবে সেলেসাওদের।

হলান্ডকে থামানোর কঠিন পরীক্ষা

বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন আর্লিং হলান্ড। নরওয়ের জার্সিতে টানা ১৩ ম্যাচে গোল করেছেন তিনি। এই সময়ে তার গোলসংখ্যা ২৫।

চলতি বিশ্বকাপেও তিন ম্যাচে করেছেন পাঁচ গোল। সর্বশেষ আইভরিকোস্টের বিপক্ষেও জালের দেখা পেয়েছেন এই গোলমেশিন।

তাই গ্যাব্রিয়েল মাগালাইস ও মার্কিনিওসদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে হলান্ডকে আটকে রাখা। একবার সুযোগ পেয়ে গেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন নরওয়ের এই তারকা ফরোয়ার্ড।

ভিনিসিয়ুসের গতির সামনে নরওয়ের রক্ষণ

এই বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা ভিনিসিয়ুস জুনিয়র। দুর্দান্ত ফর্মে থাকা এই উইঙ্গারের গতি, ড্রিবলিং ও সৃজনশীলতা প্রতিপক্ষের ডিফেন্সে আতঙ্ক ছড়াচ্ছে।

গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে চার গোল হজম করা নরওয়ের রক্ষণভাগকে তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে ভিনিসিয়ুসকে সামলানোর লড়াই ম্যাচের অন্যতম বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

শেষ মুহূর্তের নাটকীয়তা হতে পারে নির্ধারক

চলতি আসরে ব্রাজিলের অধিকাংশ গোল এসেছে ৩০ মিনিটের পর। দ্বিতীয়ার্ধে দলটি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।

অন্যদিকে নরওয়ের ম্যাচে শেষ সময়ের নাটকীয়তা নতুন কিছু নয়। সর্বশেষ ম্যাচে তারা গোল পেয়েছে ৮৬ মিনিটে। ফলে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ম্যাচের ফল নিয়ে নিশ্চিত হওয়া কঠিন।

শেষ মুহূর্তের চাপ সামলে যে দল মাথা ঠান্ডা রাখতে পারবে, তারাই এগিয়ে থাকবে।

সলবাকেনের কৌশল বনাম ব্রাজিলের আক্রমণ

কোচ স্তালে সলবাকেনের অধীনে নরওয়ে আক্রমণাত্মক ফুটবল খেলছে। তবে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে সেই কৌশল কতটা কার্যকর হবে, সেটাই এখন বড় প্রশ্ন।

নরওয়েকে একদিকে যেমন আক্রমণের ধার বজায় রাখতে হবে, তেমনি রক্ষণও সামলাতে হবে নিখুঁতভাবে। আক্রমণ ও রক্ষণের এই ভারসাম্যই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বজ্রঝড়ে বাতিল আর্জেন্টিনার অনুশীলন
ছবি: সংগৃহীত
গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে আত্মঘাতী গোলের নতুন রেকর্ড