• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাগুরায় শিশু ধর্ষণ: গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

   ১০ মার্চ ২০২৫, ০৩:৩১ পি.এম.

মাগুরা প্রতিনিধি 

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রিমান্ড শুনানি শেষে মামলায় মূল আসামি শিশুটির বোনের শ্বশুর হিতু মিয়াকে (৪২) সাত দিন এবং শিশুটির দুলাভাই সজীব হোসেন (১৮), সজীবের ভাই রাতুল শেখ (১৭) ও মা জাবেদা বেগমকে (৪০) পাঁচ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করে আদালত।

রোববার (৯ মার্চ) আসামিদের আদালতে হাজির করার কথা থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তা সম্ভব হয়নি। পরিস্থিতি বিবেচনায় দিবাগত রাত ১২টার পর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানি শুরু হলে, মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক মো. আলাউদ্দিন (তদন্ত) সকল আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। রিমান্ড না দেয়ারও দাবি করেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, ভুক্তভোগী শিশু অচেতন থাকায় জবানবন্দি নেয়া যায়নি। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে মামলার মূল অভিযুক্তের সাত দিন ও অন্য তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। আসামিরা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
জবি শিক্ষার্থী হত্যাচেষ্টা : আফজাল নাসের ৩ দিনের রিমান্ডে
শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
৫৮ নিহতের পরিচয় শনাক্ত শাপলা চত্বর হত্যাকাণ্ডে প্রধান আসামি হবেন শেখ হাসিনা : চিফ প্রসিকিউটর
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ
রাষ্ট্রপতির এ্যাডভোকেটশিপ তদন্তে আইনি নোটিশ