• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৪৮ ঘণ্টার অভিযান, থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৬:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ায় বান্দরবানের দুর্গম থুইসাপাড়ায় আটকে পড়া চার পর্যটককে ৪৮ ঘণ্টাব্যাপী কঠিন উদ্ধার অভিযানের মাধ্যমে নিরাপদে থানচিতে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযান পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর।

রোববার (১২ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ জুলাই বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটনকেন্দ্র অমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে চার পর্যটক থুইসাপাড়ায় যান। পরে ৭ জুলাই থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে নদীপথ অচল হয়ে পড়ায় তারা সেখানে আটকা পড়েন।

খবর পাওয়ার পরই বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীন জিন্নাপাড়া ক্যাম্প থেকে একটি আভিযানিক দল প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে থুইসাপাড়ায় পৌঁছে পর্যটকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি স্থানীয় কারবারিদের সহযোগিতায় তাদের নিরাপদ অবস্থান, থাকা, খাবার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে নদীপথ বন্ধ থাকায় তখন তাদের থানচিতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর ১১ জুলাই আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হয়। বিজিবির সদস্যরা পর্যটকদের সঙ্গে নিয়ে থুইসাপাড়া থেকে বিকল্প পাহাড়ি পথে পায়ে হেঁটে জিন্নাপাড়া, হালিরামপাড়া ও নিকোলাসপাড়া অতিক্রম করে দুর্গম ঝিরি ও পাহাড়ি পথ পেরিয়ে অংসাউপাড়ায় পৌঁছান। সেখানে বিজিবির তত্ত্বাবধানে তাদের নিরাপদে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।

বিজিবি জানায়, একাধিক পাহাড়ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি, প্রবল স্রোত, টানা বৃষ্টিপাত এবং দুর্গম পাহাড়ি পথের কারণে সেদিন দিনের আলো থাকতে সীমান্ত সড়কে পৌঁছানো সম্ভব হয়নি।

রোববার (১২ জুলাই) অংসাউপাড়া বিজিবি ক্যাম্প থেকে আরেকটি দল চার পর্যটককে সঙ্গে নিয়ে প্রায় চার ঘণ্টা পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ ও ঝিরি অতিক্রম করে সীমান্ত সড়কসংলগ্ন নেপিউপাড়া বিওপিতে পৌঁছায়। পরে বিজিবির গাড়িতে করে তাদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়।

উদ্ধার হওয়া চার পর্যটক হলেন ঢাকার সূত্রাপুর থানার বাসিন্দা মো. মারুফ উদ্দিন, আবু হুরায়রা জাদিম ও তামিম রায়হান সৌরভ এবং শ্যামপুর থানার বাসিন্দা মাহাদি আল মাহবুব। তাদের মধ্যে তামিম রায়হান সৌরভ নটর ডেম কলেজের শিক্ষার্থী। অন্য তিনজন এসএসসি পাস করে কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

উদ্ধার হওয়া পর্যটকদের ভাষ্য, থুইসাপাড়ায় আটকে পড়ার পর থেকেই বিজিবি তাদের নিরাপত্তা, থাকা, খাবার ও সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করে। পরে অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ পেরিয়ে বিজিবি সদস্যরা তাদের নিরাপদে উদ্ধার করে থানচিতে ফিরিয়ে আনেন। তারা বিজিবির পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে বিজিবির বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিল বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জীবন ও নিরাপত্তা রক্ষাও বিজিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে বিজিবি সবসময় প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পুঁজিবাজারে বাড়ছে দেশি-বিদেশি বিনিয়োগকারীর আস্থা: অর্থমন্ত্রী
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর শোক
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর শোক
ছবি: ভিওডি বাংলা
জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা