সিরাজগঞ্জে চাঁদাবাজি-মারধরের মামলায় বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও দলীয় নেতাকর্মীকে মারধরের মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, যুবদল নেতা মো. আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, মো. আব্দুল মোমেন ও শ্রমিক দল নেতা মমতাজ আলী।
মামলা থেকে জানা গেছে, ২০ জুলাই পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা ও উল্লাপাড়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয়। আলমগীর হোসেনের ভাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিষ্টার শনিবার সন্ধ্যায় থানায় আসেন। ওই সময় থানার গেটে তাঁকেও মারধর করে হত্যার হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় আলমগীর হোসেন ও জাহিদুল ইসলাম মিষ্টার বাদী হয়ে রোববার সন্ধ্যায় পৃথক দুটি মামলা করেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য