বিমান বাহিনীর উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক সেমিনার
বাংলাদেশ বিমান বাহিনীর বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের (বিসিএএসপিএস) উদ্যোগে জাতীয় নিরাপত্তা ও ভূরাজনীতি বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বাশারের বিসিএএসপিএস ভবনে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সেমিনারে বিজ্ঞানভিত্তিক গবেষণায় সরকারের অব্যাহত পৃষ্ঠপোষকতার আশ্বাস ব্যক্ত করেন রাশেদ আল মাহমুদ তিতুমীর। একই সঙ্গে বিসিএএসপিএস-এর কার্যক্রমের প্রশংসা করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি আধুনিক, সমন্বিত আকাশ শক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বিমান বাহিনী প্রধান।
সেমিনারে জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক ভূরাজনীতি ও আকাশ সার্বভৌমত্ব বিষয়ে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞরা। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী নিরাপত্তা ও কূটনীতি বিশেষজ্ঞরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে কৌশলগত সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সাবেক বিমান বাহিনী প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এফএ









মন্তব্য