বৈশ্বিক র্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশি পাসপোর্ট
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাংকিংয়ে আরও পিছিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের জুলাইয়ে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে, যা বছরের শুরুতে ছিল ৯৫তম।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২১ জুলাই তাদের ওয়েবসাইটে সর্বশেষ এ সূচক প্রকাশ করে।
বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রস্তুত করা হয়। কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই অথবা অন অ্যারাইভাল ভিসার সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ওপর ভিত্তি করেই এই র্যাংকিং নির্ধারণ করা হয়।
সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসার সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। অথচ ২০২৬ সালের জানুয়ারির সূচক এবং ২০২৫ সালের র্যাংকিংয়ে এ সংখ্যা ছিল ৩৭। ফলে ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুইটি ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধার গন্তব্য হারিয়েছে।
তবে চলতি বছরের শুরু থেকে দুই ধাপ পিছিয়ে গেলেও ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নত হয়েছে। ওই সময় হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
সর্বশেষ প্রকাশিত সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। ২০২৫ সালের জুলাইয়ে দেশটির অবস্থান ছিল ৯৯তম। সর্বশেষ হালনাগাদে উত্তর কোরিয়ারও অবস্থানের উন্নতি হয়েছে এবং বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে এসেছে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য