• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মানবাধিকার সুরক্ষাই সরকারের প্রধান লক্ষ্য: মাহদী আমিন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৯:১৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তিনি দাবি করেন, গত ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার সবচেয়ে বড় ভুক্তভোগী ছিল দেশের জনগণ ও বিএনপি। সরকার ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সহমর্মী বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, অতীতে রাষ্ট্রক্ষমতার উৎস জনগণ ছিল না; বরং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছিল। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং বাকস্বাধীনতা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

সরকারের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে মাহদী আমিন বলেন, গত পাঁচ মাসে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমন-পীড়ন, হেফাজতে মৃত্যু কিংবা গুমের কোনো ঘটনা ঘটেনি। এ ইতিবাচক ধারা অব্যাহত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, একদিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত করা হবে, অন্যদিকে অতীতের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত অপরাধী ও নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রশাসনের কার্যক্রমে গতি আনতে প্রতিটি মন্ত্রণালয় ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের ভিত্তিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রাফিক্স: ভিওডি বাংলা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে মন্ত্রী রবিউলের অভিনন্দন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের পদত্যাগের পর যেমন ছিল বঙ্গভবনের সামনের দৃশ্য
ছবি: সংগৃহীত
তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুলের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক