তিন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ
সরকার দেশের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলো বৃহস্পতিবার (২৩ জুলাই) জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) (সংশোধন) আইন, ২০১৫-এর ধারা ৭(১) অনুযায়ী এ টি এম আব্দুল বারী ড্যানীকে এক বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক।
এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আইন, ২০২৩-এর ধারা ১২(২) অনুযায়ী বেনজীর আহমেদ (টিটো)কে এক বছরের জন্য বিসিকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯-এর ধারা ১২(২) অনুযায়ী মো. কামরুজ্জামান (দুলাল)কে এক বছরের জন্য জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যুবদলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এসব নিয়োগ কার্যকর হবে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য নিয়োগ বহাল থাকবে এবং অন্যান্য শর্ত দ্বিপাক্ষিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য