ফাইনালে হার, তবু আশার বার্তা মেসির

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে নেমেছিল আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত স্পেনের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ে শিরোপা অধরাই থেকে যায় লিওনেল মেসিদের। পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেও শেষ ম্যাচে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ আর্জেন্টাইন অধিনায়ক।
ফাইনাল শেষে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি মেসি। কিছু সময় পর নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সমর্থকদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন তিনি। সেখানে হতাশার পাশাপাশি দলীয় অর্জন এবং সমর্থকদের ভালোবাসার কথাও তুলে ধরেন এই তারকা ফুটবলার।
মেসি লিখেছেন, ‘কষ্টটা অনেক বড় এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে এই টুর্নামেন্ট থেকে অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করেছি, আর সেটিই সবচেয়ে বড় তৃপ্তির জায়গা।’
তিনি আরও বলেন, পুরো প্রতিযোগিতাজুড়ে আর্জেন্টিনা যেভাবে লড়েছে, সেটি তাদের জন্য গর্বের বিষয়। দলের প্রতিটি খেলোয়াড় নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন বলেই বিশ্বাস করেন তিনি। সেই সঙ্গে সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
মেসির ভাষায়, ‘পুরো দেশের সমর্থন আমাদের আবারও বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলাফল হতাশাজনক হলেও এই যাত্রা নিয়ে আমরা গর্ব করতে পারি।’
শুধু ফাইনালে হারের আক্ষেপ নয়, ভবিষ্যতের দিকেও তাকানোর আহ্বান জানিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তার মতে, একটি ম্যাচের ফল দিয়ে পুরো দলের মূল্যায়ন করা উচিত নয়।
তিনি বলেন, ‘আজ হয়তো এই পরাজয় মেনে নেওয়া কঠিন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এই দল টানা দু'টি বিশ্বকাপ ফাইনাল খেলেছে। এটি ছোট কোনো অর্জন নয়। প্রতিটি সমর্থককে ধন্যবাদ, কারণ আপনাদের ভালোবাসা আমাদের একত্রিত করেছে।’
নিজেদের হতাশার মাঝেও প্রতিপক্ষ স্পেনকে সম্মান জানাতে ভোলেননি মেসি। বিশ্বকাপ জয়ের জন্য স্প্যানিশ দলকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। পোস্টে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকে আন্তরিক অভিনন্দন।’
মেসির এই আবেগঘন বার্তা প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকরা তার পোস্টে সহানুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই মনে করেন, শিরোপা না জিতলেও পুরো টুর্নামেন্টে তার নেতৃত্ব ও পারফরম্যান্স ছিল অনুকরণীয়।
এদিকে কঠিন এই মুহূর্তে স্বামীর পাশে দাঁড়িয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুচ্ছো। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগপূর্ণ বার্তায় তিনি মেসির লড়াকু মানসিকতার প্রশংসা করেন।
আন্তোনেলা লিখেছেন, ‘তুমি সবসময়ই সেরা থাকবে। শুধু প্রতিভার জন্য নয়, কখনো হাল না ছাড়ার মানসিকতার জন্যও। তুমি আমাদের সন্তানদের এবং কোটি মানুষের অনুপ্রেরণা। তোমার পাশে এই জীবন কাটাতে পেরে আমি ভীষণ গর্বিত।’
স্ত্রীর এই বার্তাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক সমর্থক মনে করছেন, শিরোপা হাতছাড়া হলেও পরিবার ও ভক্তদের ভালোবাসাই মেসির সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য