৬০ কোটি টাকায় নিলামে বিক্রি পেলের জার্সি

নিউইয়র্কে সোথবিসের নিলামে পেলের একটি জার্সি ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকা। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল কিংবদন্তি পেলের পরা ঐতিহাসিক জার্সি| ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত এই জার্সি এখন পেলের ব্যবহৃত সামগ্রীর মধ্যে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েছে।
সোথবিসের আয়োজিত নিলামে জার্সিটি কিনতে একাধিক সংগ্রাহকের মধ্যে প্রতিযোগিতা হয়। মোট ১০ দফা বিডের পর শেষ পর্যন্ত ৪ দশমিক ৯ মিলিয়ন ডলারে বিক্রি হয় এটি। জানা গেছে, পাঁচজনের বেশি দরদাতা জার্সিটি সংগ্রহে নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, একই জার্সি ২০০৪ সালে মাত্র ১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।
নিলামে বিক্রির দিক থেকে এটি এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের ফুটবল জার্সি। শীর্ষে রয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ ম্যাচে পরা জার্সি। সেটি ২০২২ সালে ১০ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ব্রাজিল। সেই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সী পেলে দু’টি গোল করে বিশ্বকে চমকে দেন। ওই শিরোপাই ছিল তার তিনটি বিশ্বকাপ জয়ের প্রথম অধ্যায়। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও এখনো তার দখলে রয়েছে।
সোথবিসের ক্রীড়া কৌশল ও উন্নয়ন বিভাগের প্রধান ব্রেনডান হকস বলেন, এই জার্সি শুধু একটি ক্রীড়া স্মারক নয়, বরং ফুটবল ইতিহাসের এমন এক অধ্যায়ের প্রতীক, যেখান থেকে পেলে বিশ্বব্যাপী কিংবদন্তিতে পরিণত হন। তার মতে, নিলামের ফলাফল পেলের অমলিন উত্তরাধিকার এবং বিশ্ব ফুটবলে তার প্রভাবেরই প্রতিফলন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য