জুলাই শহীদ দিবস: একটি নাম, একটি ইতিহাস

একটি মুহূর্ত, যা বদলে দিয়েছিল একটি আন্দোলনের গতি। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা তার সেই দৃশ্য মুহূর্তেই আন্দোলনের প্রতীকে পরিণত হয়। সেই আত্মত্যাগের স্বীকৃতিতেই সরকার প্রতি বছর ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ (শহীদ আবু সাঈদ দিবস) হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করছে।
যেভাবে আন্দোলনের প্রতীক হলেন আবু সাঈদ
২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে তিনি নিহত হন। বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা তার সেই দৃশ্য মুহূর্তেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে ঘটনাটি। বিশ্লেষকদের মতে, ওই ঘটনার পর আন্দোলন নতুন মাত্রা পায় এবং ছাত্র-জনতার অংশগ্রহণ আরও বিস্তৃত হয়।
কেন গুরুত্বপূর্ণ এই দিবস
শুধু একজন শিক্ষার্থীর মৃত্যু স্মরণের দিন নয়, জুলাই শহীদ দিবস এখন গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ এবং আত্মত্যাগের প্রতীক হিসেবেও বিবেচিত হয়। অনেকের কাছে আবু সাঈদের সেই অবস্থান রাষ্ট্রীয় ক্ষমতার মুখোমুখি একজন সাধারণ নাগরিকের সাহসিকতার প্রতিচ্ছবি।
এ কারণেই ২০২৫ সালের ৫ আগস্ট ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্রে’ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।
যেভাবে পালিত হয় দিবসটি
প্রতি বছর ১৬ জুলাই রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের কবর ও স্মৃতিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
একটি আত্মত্যাগ, যে নাম ইতিহাসে অমর
বাংলাদেশের গণআন্দোলনের ইতিহাসে কিছু ঘটনা সময়ের গণ্ডি পেরিয়ে প্রতীকে পরিণত হয়েছে। ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদের আত্মত্যাগও তেমনই একটি অধ্যায়। এক শিক্ষার্থীর সাহসী অবস্থান ও আত্মোৎসর্গের স্মৃতি আজও জুলাইয়ের ইতিহাসে অমলিন, আর সেই কারণেই রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।
ভিওডি বাংলা/এমএস/বিন্দু








মন্তব্য