• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আলোচনা ভেস্তে গেল, শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৭:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই শিক্ষা ভবনের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। তবে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় দেড় ঘণ্টা শিক্ষা ভবনের সামনে অবস্থান শেষে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। তাদের সরে যাওয়ার পর সচিবালয় ও শিক্ষা ভবনসংলগ্ন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছান। সেখানে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে তারা অবস্থান নেন এবং বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। এ সময় শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিও শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেননি।

পরে আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে শিক্ষা ভবন এলাকা ত্যাগ করেন। তাদের ভাষ্য, পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নেবেন তারা।

এর আগে একই দাবিতে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ এবং ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে সায়েন্সল্যাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করা এবং প্রশ্নপত্র-সংক্রান্ত জটিলতার সমাধান করা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। ওইদিন বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করা হলে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হয়।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
জুলাই শহিদ দিবস ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
ছবি : সংগৃহিত
পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
আত্মসমর্পণের সুযোগ নেই শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী