• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পূর্বাঞ্চলের বন্যাদুর্গত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। চিকিৎসাসেবা সচল রাখতে সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসামগ্রী ও অতিরিক্ত মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ঝুঁকিপূর্ণ ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে। কোথাও যেন কোনো রোগী চিকিৎসাবঞ্চিত না হন, সেজন্য পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় পর্যায় থেকেও অতিরিক্ত মেডিকেল টিম পাঠানো হবে।"

তিনি বলেন, কয়েক দিনের টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলা বন্যাকবলিত হয়েছে। এতে যোগাযোগব্যবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হলেও সরকার দ্রুত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

মন্ত্রী আরও জানান, একটি হাসপাতালের নিচতলায় পানি প্রবেশ করলে রাতেই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ঝুঁকি নিয়ে চিকিৎসা সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নেন। একই সঙ্গে ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা হয়েছে।

বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়াসহ ১১টি জেলায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রতিটি জেলার সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি তদারকির জন্য একজন করে জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন, সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু এবং দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "সরকারের লক্ষ্য একটাই বন্যার কারণে যেন একজন মানুষও চিকিৎসার অভাবে প্রাণ না হারান।" এ কাজে তিনি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বক্তব্য দিচ্ছেন ডা. জুবাইদা রহমান। ছবি: ভিওডি বাংলা
চিকিৎসার প্রকৃত ভিত্তি মানবিকতা: ডা. জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত
নতুন ১৩ উপজেলায় হচ্ছে ১০১ শয্যার হাসপাতাল
জাতীয় ডিসেমিনেশন কর্মশালায় বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: ভিওডি বাংলা
নগর স্বাস্থ্যসেবায় ‘আলো ক্লিনিক’ মডেলের ইতিবাচক প্রভাব