ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের ভোলা ঘাঁটির সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি, তিনটি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে, বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— ফিরোজ ডাকাত বাহিনীর প্রধান দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ জমাদার (৫৫) এবং তার তিন সহযোগী মো. ফয়সাল (২৫), মো. ইব্রাহিম (২৫) ও মো. কামাল (৩০)।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন কুখ্যাত ডাকাত ফিরোজ জমাদার ও তার তিন সহযোগীকে আটকে রেখে কোস্ট গার্ডকে খবর দেন। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি, তিনটি দেশীয় ধারালো অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় চার ডাকাতকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য