প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। এর আগে শনিবার (১১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশ উপলক্ষে আজ দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, বৃত্তির বিভিন্ন ক্যাটাগরি এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য তুলে ধরা হবে। সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন।
এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন এবং ফল প্রকাশসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরবেন।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ২০ শতাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন)-এর শিক্ষার্থী।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সুবিধা দেওয়া হবে।
এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।
পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য