বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়তে থাকলেও শনিবার সকালে দূষণের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এদিন সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার শীর্ষে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ছিল ৯২। এই মানকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য পর্যায়ের বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের সর্বশেষ তালিকায় ১৮৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল কিনশাসা। ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা এবং ১৫১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
একই সময়ে ১৩২ স্কোর নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ চতুর্থ এবং ১২৯ স্কোর নিয়ে ভারতের কলকাতা পঞ্চম অবস্থানে ছিল।
আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ করে একিউআই সূচক প্রকাশ করে। এই সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত এবং তা জনস্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, সে বিষয়ে তথ্য দেওয়া হয়।
একিউআই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।
বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচ ধরনের দূষকের মাত্রার ভিত্তিতে। এগুলো হলো বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই অক্সাইড (এনও২), কার্বন মনো অক্সাইড (সিও), সালফার ডাই অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাবালি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণজনিত মৃত্যুর হার বাড়ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু বায়ুদূষণজনিত স্বাস্থ্যঝুঁকির সঙ্গে সম্পর্কিত।








মন্তব্য