কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, বাড়ছে বিদ্যুৎ উৎপাদন

গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে কেন্দ্রের পাঁচটি ইউনিটে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
এর মধ্যে ১ নম্বর ইউনিটে ৪২ মেগাওয়াট, ২ নম্বর ইউনিটে ৪২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
তিনি বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।
পানি সংকটের কারণে দীর্ঘ তিন মাস ধরে কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল থাকলেও একযোগে চালু রাখা সম্ভব হয়নি। ফলে ২৩০ মেগাওয়াট উৎপাদনক্ষম এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সর্বশেষ ৯৬ মেগাওয়াটে নেমে এসেছিল। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এবং কাপ্তাই লেকের পানির স্তর আরও বাড়লে উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়েছে। এর ফলে বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সূত্র আরও জানায়, রুলকার্ভ অনুযায়ী এ সময়ে কাপ্তাই লেকের পানির উচ্চতা থাকার কথা ৯০ দশমিক ৩১ ফুট সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা। বর্তমানে পানির উচ্চতা রয়েছে ৮৫ দশমিক ৪৪ ফুট। লেকটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট।
১৯৬০ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি লেকের পানির ওপর নির্ভরশীল। কাপ্তাই লেকে পর্যাপ্ত পানি থাকলে কেন্দ্রের পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
ভিওডি বাংলা/আ








মন্তব্য