জিয়া স্মৃতি পাঠাগারকে দেশব্যাপী সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে জিয়া স্মৃতি পাঠাগারের সকল পর্যায়ের কমিটির সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ, পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সভায় দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে জিয়া স্মৃতি পাঠাগারের শাখা প্রতিষ্ঠা, জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পাঠাগারের কার্যক্রমকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বইপড়ার সংস্কৃতি বিকাশ এবং নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে প্রতিটি জেলায় বইমেলার আয়োজনের উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বক্তারা তাদের অভিমত প্রকাশ করে বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে সচেতন করতে পাঠাগারভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। সে লক্ষ্যেই দেশব্যাপী জিয়া স্মৃতি পাঠাগারের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় সংগঠনের বর্তমান কার্যক্রমের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের দায়িত্ব বণ্টন, সাংগঠনিক সমন্বয় বৃদ্ধি এবং নিয়মিত সাহিত্য, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজনের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং দেশের সর্বস্তরের মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য