ভোটে হেরে উত্তেজিত পলি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে পরাজয়ের পর ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা রিয়ানা পারভিন পলি। ফলাফল ঘোষণার পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে তাকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। এ সময় তিনি উচ্চস্বরে প্রতিবাদ জানান। উপস্থিত কয়েকজন সহকর্মী তাকে শান্ত করার চেষ্টা করেন।
নির্বাচনের ফল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমেও একাধিক পোস্ট করেন পলি। সেখানে তিনি ভোট প্রক্রিয়ায় আর্থিক প্রভাবের অভিযোগ তুলে গভীর হতাশা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে পলি দাবি করেন, তার পরিচিত কিছু মানুষও অর্থের বিনিময়ে ভোট দিয়েছেন। তিনি লেখেন, যারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছেন, তাদের বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন এবং ন্যায়বিচার কামনা করেছেন।
এর আগে দেওয়া আরেকটি পোস্টে অভিনেত্রী রোজিনাকে উল্লেখ করে পলি দাবি করেন, শিল্পী সমিতিতে অর্থের প্রভাব রয়েছে এবং নির্বাচনী পরিবেশের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
তবে পলির উত্থাপিত অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বা অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য