চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন
নীরবে ভোট দিয়ে গেলেন আলমগীর-উজ্জ্বল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিতে এসে সবার নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনেতা আলমগীর ও উজ্জ্বল।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের বিরতির পর একসঙ্গেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটকেন্দ্রে হাজির হন তারা।
সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর তাদের ভোটকেন্দ্রে নিয়ে যান। এরপর আলমগীর ও উজ্জ্বল একসঙ্গেই ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়া শেষে কোনো ধরনের বক্তব্য না দিয়েই নীরবে কেন্দ্র ত্যাগ করেন এই দুই বর্ষীয়ান অভিনেতা।
দীর্ঘদিনের সহকর্মী দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত শিল্পী ও ভোটাররা। অনেকেই তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, আবার কেউ স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ছবি তোলেন। ভোটকেন্দ্রে তাদের ঘিরে কিছু সময়ের জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সকালের পর থেকেই বিএফডিসি প্রাঙ্গণে ছিল নির্বাচনী আমেজ। শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য সাময়িক বিরতির পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
তবে নামাজের বিরতির সময় ভোটকেন্দ্রের গেটে তালা দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলে হট্টগোল করেন আরমান–মুক্তি প্যানেলের সমর্থকরা। তাদের দাবি, ভোটকেন্দ্রের ভেতরে লোক রেখে বাইরে তালা লাগানো হয়েছিল, যা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্নের সৃষ্টি করেছে।
যদিও নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু অভিযোগটি নাকচ করে দেন। তিনি জানান, ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না। প্রজেক্টরের মাধ্যমে সার্বক্ষণিক ভোটকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে এবং পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবেই পরিচালিত হচ্ছে।
এবারের শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। সকাল থেকেই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে বিএফডিসিতে ভিড় করেন প্রবীণ ও নবীন শিল্পীরা।
ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/এফএ








মন্তব্য