খামেনির শোক বইয়ে স্বাক্ষর করলেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষবিদায় অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে তিনি খামেনির স্মরণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান।
রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত অনুষ্ঠানে খামেনির বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি বাংলাদেশের সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেন।
এর আগে, শুক্রবার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে তিনি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। বাংলাদেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির নীতিকে সমর্থন করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান স্পিকার এবং দুই দেশের পার্লামেন্টারি সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।
পরে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক ক্রীড়া সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় ইরানের ক্রীড়ামন্ত্রী দেশে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং খেলাধুলা বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। জবাবে স্পিকার জানান, বিষয়টি তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবেন।
তেহরান সফরের অংশ হিসেবে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারেও অংশ নেন। সেখানে তিনি বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও উন্নত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন।
এর আগে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য