লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপটি আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।
গত দুইদিন ধরে পটুয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে বাতাসের চাপ বেড়েছে এবং নদ-নদীর পানিও স্বাভাবিকের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজারসহ দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
ভিওডি বাংলা/জা








মন্তব্য