ব্রাজিলের ম্যাচ ঘিরে সংঘর্ষ, বিএনপি নেতা হত্যায় গ্রেপ্তার আরও ৪

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিল-জাপান ম্যাচের দিন রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশারকে হত্যার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টার পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রিপন, নিরব, মজনু মিয়া ও মো. মিজানুর রহমান।
ডিবি প্রধান জানান, বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় হাউজিং চার রাস্তার মোড় এলাকায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার ও মো. সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম বর্তমানে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় ডিবির তেজগাঁও বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টার পর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৯ জুন রাতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার-সংলগ্ন ডি-ব্লকের ১ নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় নবোদয় হাউজিং এলাকা থেকে শোয়েব, আরমান ও নয়ন নামে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য