ঢাবিতে
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণঅবস্থানে বিপুল জনসমাগম

ক্যাম্পাস প্রতিনিধি
ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও তার দোসর রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে দশমদিন ধরে ছাত্র-জনতার গণঅবস্থান কর্মসূচি চলছে।
শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে এই গণঅবস্থান কর্মসূচিতে বিপুল জনসমাগম হয়েছে। এদিন জুলাই বিপ্লবে শহিদদের পরিবার, লেখক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার নাগরিকরা আওয়ামী লীগ নিষিদ্ধের ৫ দফার ব্যাপারে সংহতি জানান।
দাবিগুলো হলো-গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র ১৪ দল ও মহাজোট এবং এসব দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। সকল ফ্যাসিবাদী দল ও সংগঠনের কার্যালয় ও সকল সম্পদ রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে তা ফ্যাসিবাদী আমলে নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করতে হবে। ২০০৯-২০২৫ পর্যন্ত ফ্যাসিস্ট সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকল মন্ত্রীপরিষদ সদস্য, সকল এমপি, সকল জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ডেজিগনেটেড ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি ও বিচারের মুখোমুখি করতে হবে। ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রের যেকোনো দল ও সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে।
গণঅবস্থানকারী ছাত্র-জনতার এসব দাবির প্রতি সংহতি জানান শহিদ নাইমা সুলতানার মা আইনুন নাহার ও শহিদ রানা তালুকদারের মা রুবী বেগম, লেখক গবেষক জাকারিয়া পলাশ, সাংবাদিক বুরহান উদ্দিন ফয়সাল ও আজিবুল হক পার্থ, জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান ও যুগ্ম আহ্বায়ক রোটারিয়ান রাবেয়া আক্তার, চিত্রশিল্পী সাইয়েদ কুতুব, রাজু আহমেদ, কায়েস আহমেদ, এম এইচ মাসুদ প্রমুখ।
ভিওডি বাংলা/এম







