করাচি হামলার অভিযোগ নাকচ করল ভারত

করাচিতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভারতীয় প্রক্সির সম্পৃক্ততার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। একই সঙ্গে ইসলামাবাদকে নিজেদের ভূখণ্ডে থাকা সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
সোমবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত সপ্তাহে করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে হামলার দায় স্বীকার করে জামাত-উল-আহরার। সংগঠনটিকে আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয়। ওই হামলায় পাকিস্তানের তিন নিরাপত্তা সদস্য ও তিন হামলাকারী নিহত হন।
এরপর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি কোনো প্রমাণ উপস্থাপন না করেই হামলায় ভারতীয় প্রক্সির সম্পৃক্ততার অভিযোগ তোলেন।
এ অভিযোগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, করাচির সাম্প্রতিক ঘটনাকে ঘিরে পাকিস্তানি গণমাধ্যমে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি বলেন, ‘আমরা এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে নজর দেওয়া। তাদের নিজ ভূখণ্ডে থাকা সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া এবং রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদ ব্যবহারের প্রবণতা থেকে সরে আসা উচিত।’
এদিকে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত স্থল অভিযান এবং পরবর্তী বিমান হামলায় মোট ২৯ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের (সিন্ধ) ক্যাম্পে সাম্প্রতিক ধারাবাহিক সন্ত্রাসী হামলার পর এসব অভিযান চালানো হয়েছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য