• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ০৯:০৬ এ.এম.
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সবুজায়ন কর্মসূচি শুরু হচ্ছে।

এ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বেলা ২টায় আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।

সোমবার সকাল ১০টায় অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা দুপুর ২টায় নির্ধারণ করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে প্রতি বছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে বিশেষ জলবায়ু সচেতনতা অনুদান দেওয়া হবে। এ বছর প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেবেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

এ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার প্রতিটি ক্যাম্পাসে জলবায়ুবিষয়ক ব্যানার ও ফেস্টুন টাঙানোর পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হবে।

এ ছাড়া একই মঞ্চ থেকে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’-এর জাতীয় পর্যায়ের স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে সেরা উদ্ভাবকদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শনে রোববার বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বিরোধীদলীয় এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, জনপ্রতি ৩০ লাখ টাকা
ফাইল ছবি
পুলিশে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন
ছবি: সংগৃহীত
স্বচ্ছতা বাড়াতে ‘সিটা’ প্রকল্প উদ্বোধন, ব্যয় ৩২৮৭ কোটি টাকা