• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিসিবি নিয়ে আইসিসিতে অভিযোগ, অর্থ সহায়তা স্থগিত চেয়েছেন বুলবুল!

স্পোর্টস ডেস্ক    ২৭ জুন ২০২৬, ১১:০৮ এ.এম.
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ভিওডি বাংলা
আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অভিযোগ পাঠানোকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আইসিসির কাছে বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা ও ক্রিকেট-সংক্রান্ত বিভিন্ন সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। যদিও পরে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি দাবি করেন, দেশের ক্রিকেটের ক্ষতি হতে পারে-এমন কোনো অনুরোধ তিনি কখনোই করেননি।

ক্রিকেট প্রশাসনের ভেতরে চলমান টানাপোড়েনের মধ্যেই চলতি সপ্তাহের শুরুতে আইসিসির কাছে একটি বিস্তারিত চিঠি পাঠান বুলবুল। ১৪ পৃষ্ঠার ওই চিঠিতে তিনি বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং নিজেকে বোর্ডের বৈধ সভাপতি হিসেবে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে ৭ জুন অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও আপত্তি তোলেন তিনি।

জানা গেছে, চিঠিতে বর্তমান বোর্ডের অধীনে আইসিসির আর্থিক সহায়তা এবং ক্রিকেট উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন সুবিধা সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধও করা হয়। বিষয়টি পরে আইসিসি বিসিবিকে অবহিত করলে বর্তমান পরিচালনা পর্ষদ নিজেদের অবস্থান ব্যাখ্যা করে সংস্থাটির কাছে পাল্টা ব্যাখ্যামূলক চিঠি পাঠায়।

তবে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় বুলবুল দাবি করেন, আইসিসির কাছে অর্থায়ন বন্ধের আবেদন করার খবরটি সঠিক নয়। তিনি বলেন, দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়—এমন কোনো উদ্যোগ তিনি নেননি এবং বাংলাদেশের ক্রিকেটকে বিব্রত করতে পারে, এমন কোনো সিদ্ধান্ত সমর্থনও করেন না।

কিন্তু তার এই বক্তব্যের পরপরই গণমাধ্যমে আসে চিঠির একটি অনুলিপি, যেখানে ভিন্ন চিত্র দেখা যায়। ওই নথিতে স্পষ্টভাবে আইসিসির তহবিল ও ক্রিকেট-সংক্রান্ত সহায়তা স্থগিত রাখার প্রস্তাবের উল্লেখ রয়েছে। সেখানে বুলবুলের স্বাক্ষরও রয়েছে বলে জানা গেছে।

চিঠির একটি অংশে ‘পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইসিসি তহবিল স্থগিতকরণ’ শিরোনামে উল্লেখ করা হয়, বিসিবির জন্য বরাদ্দকৃত বা পরিশোধযোগ্য সব ধরনের আইসিসি তহবিল এসক্রোতে রাখার বা সাময়িকভাবে আটকে দেওয়ার নির্দেশনা দেওয়া হোক। সেই প্রস্তাবে বলা হয়, নির্বাচিত বোর্ড পুনর্বহাল না হওয়া পর্যন্ত কিংবা আইসিসির ডিসপিউট রেজ্যুলেশন কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল রাখা যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ আদালতে চলমান মামলার নিষ্পত্তির বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়।

এছাড়া চিঠিতে আরও বলা হয়, ২০২৬ সালের ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনের ভিত্তিতে যারা বিসিবির কর্তৃত্ব দাবি করছেন, তাদের কাছে যেন আইসিসির কোনো অর্থ ছাড় না করা হয়।

আরেকটি অংশে বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়ার অনুরোধ জানানো হয়। সেখানে অভিযোগ করা হয়, রাজনৈতিকভাবে প্রভাবিত ভোটার তালিকার মাধ্যমে গঠিত একটি ‘অবৈধ অ্যাডহক কমিটি’ নির্বাচন পরিচালনা করেছে, যা আইসিসির সংবিধানের পরিপন্থী।

চিঠিতে আরও দাবি করা হয়, আইসিসি যেন বর্তমান বোর্ডকে বিসিবির বৈধ পরিচালনা কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি না দেয় এবং পূর্ববর্তী নির্বাচিত বোর্ডকে পুনর্বহালের জন্য চাপ প্রয়োগ করে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না হলে বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির অর্থ জব্দ এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ার মতো পদক্ষেপ বিবেচনার আহ্বান জানানো হয়।

ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে বাংলাদেশের ক্রিকেট বড় ধরনের সংকটে পড়তে পারে। কারণ আইসিসির অর্থায়ন বন্ধ হয়ে গেলে দেশের ক্রিকেট উন্নয়ন কার্যক্রম, ঘরোয়া অবকাঠামো উন্নয়ন, বয়সভিত্তিক ক্রিকেট এবং জাতীয় দলের বিভিন্ন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বিষয়টি সামনে আসার পর ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, প্রশাসনিক বিরোধ আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া দেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। আবার অন্য অংশের দাবি, বোর্ড পরিচালনা নিয়ে আইনি ও সাংগঠনিক প্রশ্ন থাকলে তা সমাধানের জন্য আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হওয়া অস্বাভাবিক নয়।

প্রসঙ্গত, গত ৭ জুন অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল চার বছরের জন্য বোর্ড সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই নির্বাচনের বৈধতা নিয়ে আপত্তি জানিয়ে আসছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেকে বৈধ সভাপতি দাবি করে আসছেন এবং পুরো বিষয়টিতে আইসিসির হস্তক্ষেপ কামনা করছেন।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাল কার্ডে শীর্ষে ব্রাজিল
লাল কার্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ বত্রিশে ১৯ দল, লড়াইয়ে টিকে আছে যারা
ছবি: সংগৃহীত
শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শেষ করল তুরস্ক