মাদক কারবারিদের সংঘর্ষ
কুমিল্লা গুলিবিদ্ধ স্কুলছাত্র ঢামেকে, বের করা যায়নি গুলি

কুমিল্লা নগরীতে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা এখনো তার শরীর থেকে গুলিটি বের করতে পারেননি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত থাকায় তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে।
এদিকে এই ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। প্রেমের বাবা ইউনুছ মিয়া বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন। মামলায় সাব্বির, অপুসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে।
প্রেম কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় সূত্র জানায়, টিফিনের বিরতিতে বাড়ি ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়। তার বাবা ইউনুছ মিয়া নগরীর সিটি পার্কে একটি রাইড পরিচালনার সঙ্গে যুক্ত।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শ্রাবণ নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গুলিবিদ্ধ প্রেমকে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মোবাইল ফোনে প্রেমের বাবা ইউনুছ মিয়া বলেন, কুমিল্লায় চিকিৎসকেরা গুলিটি অপসারণে ঝুঁকি নিতে চাননি। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হলেও এখন পর্যন্ত তা করা সম্ভব হয়নি। গুলিবিদ্ধ স্থানে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় রক্ত দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি অপসারণের চেষ্টা করা হবে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, গুলিটি শিশুটির ফুসফুস পর্যন্ত আঘাত করেছে। জটিলতার আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য