বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ডেটোনেটর ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ জুন) দিবাগত রাতে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকার ও ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন এলাকা থেকে তিনটি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল-৯০ বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ভিওডি বাংলা/আ







