সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে সাংবাদিক পরিচয়ে রিকশা চালকদের থেকে চাঁদা তোলার সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।
আটককৃতের নাম মো. সজিব পাঠান সম্রাট। বুধবার (২৪ জুন) যাত্রাবাড়ী মোড় থেকে তাকে আটক করা হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় ট্রাফিক পুলিশের সদস্যরা জানতে পারে, এক ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে রিকশা চালকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিব পাঠান সম্রাটকে হাতেনাতে আটক করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সজিব পাঠান সম্রাট জনৈক এক ব্যক্তির কাছ থেকে সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড সংগ্রহ করে তা ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করতো।
আটককৃত সজিব পাঠান সম্রাটকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এডিসি নিয়াজ মেহেদী।
ভিওডি বাংলা/এফএ







