সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজধানীর চানমারী ঘাট থেকে খিলগাঁও রেলক্রসিং পর্যন্ত এলাকায় চার ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা বিভিন্ন সামগ্রী নিলামে বিক্রি করে ৬ হাজার টাকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ওই এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং ফুটপাত ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে ডিএসসিসি এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর বিধান লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রি ও সংরক্ষণসংক্রান্ত বিধি অমান্য করায় এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএসসিসি সূত্র জানায়, অভিযানের সময় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখলে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী জব্দ করা হয়। পরে সেগুলো তাৎক্ষণিক নিলামের মাধ্যমে ৬ হাজার টাকায় বিক্রি করা হয়।
সংস্থাটি জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ভিওডি বাংলা/বিন্দু







