চুরির অপবাদের
প্রতিবাদ করায় কিশোরীকে গাছে বেঁধে নির্যাতন

কুড়িগ্রাম প্রতিনিধি
বাবার নামে চুরির 'মিথ্যা অপবাদের' প্রতিবাদ করায় ১৫ বছরের এক কিশোরীকে টানা ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
নবম শ্রেণির ওই কিশোরীকে মারধরের পর সকাল ৯ টার দিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেলা ৩ টার দিকে গিয়ে কিশোরীকে উদ্ধার করে রাজারহাট থানা পুলিশ।
ঘটনাস্থল থেকে স্থানীয় খন্দকার আরিফ জানান, তিনি গিয়ে ওই কিশোরীকে গাছের সাথে বেঁধে থাকতে দেখেছেন। তার উপস্থিতিতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িতদের নামও জানিয়েছেন ওই ভুক্তভোগী কিশোরী।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি নিয়ে কাজ করছি। এ ব্যাপারে পরে জানাচ্ছি।







